বায়ুদূষণ রোধে চার বছর আগে হাইকোর্টের দেওয়া ৯ নির্দেশনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে দিতে বলেছে আদালত। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি এক আদেশে ঢাকায় বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ চায় হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা অবগত আছে কি না, থাকলে কী পদক্ষেপ নিয়েছে সেটা জানাতে বলা হয়।
এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি আবারও শুনানিতে আসে। আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুননিতে ছিলেন আইনজীবী আমাতুল করিম। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
