পাকিস্তানকে ফের প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ এএম

একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠকে এ দাবি জানান। তবে তার এ প্রস্তাবে হিনা রাব্বানি নিরুত্তর ছিলেন বলে জানিয়েছেন ড. মোমেন। গতকাল রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘উনি (পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে বলেছেন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমরা বলেছি, আপনারা আগে ১৯৭১ সালে গণহত্যার বিষয়ে পাবলিকলি (প্রকাশ্যে) ক্ষমা চান। তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।’

আবদুল মোমেন বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। তারা এফওসি করতে চায়। আমি বলেছি আপনারা অ্যান্টিড্যাম্পিং দিয়ে রাখছেন, তিনি বলেছেন এটা একটা ভালো পয়েন্ট। আমার কাছে পজিটিভ মনে হয়েছে। শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা ভারতবর্ষের সঙ্গেই তারা সম্পর্ক বাড়াতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত