ওপেনএআই চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গিয়ে নিজস্ব চ্যাটবট ‘বার্ড’ চালু করতে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট গুগল। একটি প্রচারণামূলক ভিডিওতে একটি সহজ প্রশ্নের ভুল উত্তর দিয়ে বসে গুগলের নতুন চ্যাটবট ‘বার্ড। ব্যস, রাতারাতি পুঁজিবাজারে ১০০ বিলিয়ন ডলার বা বাংলাদেশি হিসেবে ১০ হাজার ৫০০ কোটি টাকা খোয়ায় গুগল।
এ ঘটনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৯ শতাংশ পর্যন্ত পড়ে যায়। চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগল, মাইক্রোসফট ও বাইদুর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ করছে।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রচারণা ভিডিওতে বার্ডের কাছে জানতে চাওয়া হয়, ‘আমি আমার ৯ বছর বয়সী সন্তানকে জেমস ওয়েব টেলিস্কোপের কী কী নতুন আবিষ্কার সম্পর্কে জানাতে পারি?’ উত্তরে বার্ড বেশ কিছু সুপারিশ দেয়। বলা হয়, এ টেলিস্কোপ প্রথমবারের মতো পৃথিবীর সৌরজগতের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। তবে এ তথ্য সঠিক নয়। ২০০৪ সালে ইউরোপিয়ান সাউদার্ন মানমন্দিরের ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) প্রথমবারের মতো এ ধরনের কিছু ছবি তোলে।
বার্তা সংস্থা রয়টার্স প্রথমে গুগলের এই ভুল চিহ্নিত করে।
