নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর এলাকায় সরকারি খালে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনকারীরা স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী বাধায় কর্ণপাত করছে না। কোনো উপায়ান্তর না পেয়ে গ্রামবাসী বালু উত্তোলন বন্ধে গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।
স্থানীয়রা জানান, খালিয়াচর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া তার সহযোগীদের নিয়ে ২টি ড্রেজার বসিয়ে গত ৭ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ফলে ওই এলাকার ফসলি জমি ও বাড়িঘর বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া বলেন, ‘কয়েকদিন ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলেও এখন আর করছি না। কালাপাহাড়িয়ার নায়েব সাব এসে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে গেছেন।’
তবে ভুক্তভোগী মনির হোসেন, ইউসুফসহ অন্যরা জানান, ড্রেজার দুটি এখনো খালে রয়েছে। সরকারি লোক যাওয়ার পর ফের বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্থানীয়দের দেওয়া অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি খাল থেকে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
