তুরস্কে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৬ এএম

তুরস্কে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দেশটিতে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে বাংলাদেশ। এর আগে দুই হাজার তাঁবু এবং অন্যান্য ত্রাণসামগ্রীসহ উদ্ধারকারী দল পাঠানো হয়। তুরস্ক চাইলে প্রয়োজনে নির্মাণশ্রমিকও পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে টেলিফোনে ড. মোমেন বলেন, আপনাদের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয় তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাব।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ভূমিকম্পে আহত বাংলাদেশের নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।

ড. মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাই। মেভলুত কাভুসোগলু ফোন করার জন্য মোমেনকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত