প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণের নামে ওই অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় গত বুধবার মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানিয়েছেন।
অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করবেন।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ‘প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কয়েকজন কর্মকর্তাসহ অন্যরা ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করে। এরপর ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।’
নজিবুল বশর মাইজভা-ারীর দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর মাইজভা-ারী ছাড়া অন্য আসামিরা হলেন প্রাইম ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান কেএম খালেদ ও তার ছেলে কেএম রাকিব হোসেন এবং স্বজন খন্দকার মো. মোস্তাহিদ। এ ছাড়াও আসামি করা হবে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক মুসলিমা শিরিন, জেডএম কায়সার, মো. অলিউজ্জামান, এম শাহাদত হোসেন কিরন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশান আরা হাফিজ ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাজরিয়ান হক। সাবেক এমডি আসাদ খান, সাবেক ডিএমডি মো. আহসান কবির খান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল হককেও করা হবে আসামি।
