টেকনাফ থেকে ইয়াবা কেনেন স্বামী, এরপর সেই ইয়ারা সংরক্ষণ করেন স্ত্রী। পরে গাড়িচালক সেজে বিভিন্ন স্থানে সরবরাহ করে ভাতিজা। গতকাল শনিবার স্বামী-স্ত্রী-ভাতিজাকে রাজধানীর শেওড়াপাড়া থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহমুদুল হাসান (৪১), তার ভাতিজা মো. সোহাগ মিয়া (৩৭) ও স্ত্রী মীম আক্তার (২২)।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি মূলত ইয়াবা ব্যবসা করেন। টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পাশর্^বর্তী জেলায় সরবরাহ করেন তিনি। আর তার এই কাজে সহযোগিতা করেন স্ত্রী মীম এবং ভাতিজা সোহাগ। স্ত্রী ইয়াবা সামলে রাখেন। আর ভাতিজা সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন।
ওসি আরও বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়ায় আলী ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার পিস, সোহাগের কাছ থেকে ৬০০ পিস এবং মীমের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা। গ্রেপ্তার মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
