প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেনÑস্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।
ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এ ছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়।
বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১ হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।
প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেনবিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।
প্রধান চার লেনবিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই লেনবিশিষ্ট র্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাবলিক রিলেশন অফিস জানায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভারব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন, একটি ১ হাজার ৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩ হাজার ৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেলের (এমআরটি-৬) ‘উত্তরা সেন্টার’ স্টেশন চালু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে মেট্রোরেলের চতুর্থ এই স্টেশনটিতে মেট্রোরেল থামছে। তবে প্রথম দিনে স্টেশনটিতে যাত্রীদের উপস্থিতি তেমন একটা ছিল না।
সংশ্লিষ্টরা বলছেন, ‘উত্তরা সেন্টার স্টেশন এলাকায় মানুষের বসবাস কম থাকায় যাত্রীর সংখ্যা কম।’
এ বিষয়ে বিষয়ে উপ-প্রকল্প ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘উত্তরা সেন্টার স্টেশনটি আজকে চতুর্থ স্টেশন হিসেবে চালু করা হয়েছে। যাত্রী চাহিদা বিবেচনায় ধীরে ধীরে সব স্টেশন খুলে দেওয়া হচ্ছে।’ এর আগে মেট্রোরেলের তিনটি স্টেশন চালু করা হয়েছে। এটি নিয়ে মেট্রোর চার স্টেশন থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে। বাকি স্টেশনগুলো আগামী মাসের মধ্যে ধাপে ধাপে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বাসস
