ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭ এএম

ছাত্রাবাসের রুমের দরজা ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় নগরীর কাজলার অক্ট্রয়মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ছাত্রের নাম এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামিম আহাম্মদ। তিনি বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রাবাসে ওই দিন দুপুরে তার বন্ধুদের দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন আব্দুল কাদির শরিফ। তার মধ্যে একজন তার দুঃসম্পর্কের চাচাত ভাই ও আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজন ঘুম থেকে উঠে দরজায় একাধিকবার করাঘাত করেন। কিন্তু শরিফের কোনো সাড়াশব্দ পায় না। পরে তারা জানালা দিয়ে দেখেন সে বিছানায় পড়ে আছে। এমতাবস্থায় তারা দুজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে পুলিশ ও আমরা গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। পরে আজ দুপুরে তার মেসের দুই বন্ধু দরজায় একাধিকবার করাঘাত করে সাড়া না পেলে ৯৯৯ কল করেন। পরে ছাত্রাবাসের দরজা ভেঙে তাকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, মৃত শিক্ষার্থীর আত্মীয়-স্বজন কারও বিরুদ্ধে মামলা করেননি। পরবর্তীতে কারও বিরুদ্ধে মামলা করবেন না এমন অঙ্গিকারনামা নেওয়া হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান বলেন, তার বাবা ময়নাতদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আর্জি করেন। সে কারণে আর ময়নাতদন্ত হয়নি। অনেক রাত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে তার জানাজা করা সম্ভব হয়নি। লাশ তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত