বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় মণিপুর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ এএম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী ভারতের মণিপুর রাজ্য সরকার। গত শনিবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে সম্ভাবনা খতিয়ে দেখতে বীরেন সিং বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধও করেন।

গতকাল সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যের বিভিন্ন সেক্টরে বাংলাদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে বাংলাদেশ ও মণিপুরের বাণিজ্যসংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে উল্লেখযোগ্যসংখ্যক মণিপুরি সম্প্রদায়ের উপস্থিতির কথা তুলে ধরে বীরেন সিং এই সংযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও মণিপুর রাজ্যের মধ্যে কানেকটিভিটি বাড়ানো ও জনসাধারণের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ হাইকমিশনারও মণিপুরসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে বর্তমান সরকারের সদিচ্ছার কথা মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। বিশেষ করে, তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, প্রক্রিয়াজাত খাবার ও হিমায়িত খাদ্য আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন। হাইকমিশনার ভারত-মিয়ানমার-থাইল্যান্ড সড়ক প্রকল্পে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এর আগে হাইকমিশনার মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত ‘বিজনেস-২০’ শীর্ষক এক সভায় যোগ দেন। জি-২০-এর বর্তমান সভাপতি হিসেবে ভারত সরকার দেশটির ব্যবসায়িক সম্প্রদায়কে সম্পৃক্ত করে এই সভার আয়োজন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত