ইউনেসকো উপস্থাপন করল ভাবনা পোলাককে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২ পিএম

দেশের জন্য সুনাম বয়ে আনলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। যে ইউনেসকো আমাদের ভাষাশহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, সে দিনেই (একুশে ফেব্রুয়ারি) সেই সংস্থা (ইউনেসকো) থেকে প্রকাশ হলো ভাবনা এবং পোলাকের পদ্য পরিবেশনা ‘বিদ্রোহী’। ইউনেসকোর পাশাপাশি এটি প্রযোজনা করেছে স্বপ্নীল ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’, আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলোর ‘স্টিল আই রাইজ’ এবং অসমী প্রদীপের হিন্দি কবিতার নির্বাচিত অংশ নিয়ে নির্মিত হয়েছে এই বিশেষ পরিবেশনা। নাচের পাশাপাশি ইংরেজি অংশ আবৃত্তি করেছেন ভাবনা। বাংলা আর হিন্দি অংশ শোনা যাবে পোলাকের কণ্ঠে। ভাবনা বলেন, ‘আমরা অনন্য, অসাধারণ, বিস্ময় হওয়ার ধারণা হারিয়ে ফেলছি। আমরা প্রতিনিয়ত রাজনীতি, একাকিত্ব, বিষণœতা, লিঙ্গ, ক্ষতি, মৃত্যু, রোমান্টিক সম্পর্ক এবং সামাজিক বুলিংয়ের সঙ্গে লড়াই করছি। এসব প্রতিকূলতার সঙ্গে লড়াই করার জন্য আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য বিদ্রোহী একটি সর্বজনীন বার্তা। আবৃত্তি, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে আমরা মানুষের সৃজনশীল শক্তিকে উদযাপন করেছি, অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা এবং আত্মবিশ্বাসী শুভ-সুন্দর হয়ে উঠতে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছি। বিদ্রোহী সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে, লিঙ্গবৈষম্যসহ সব গোঁড়ামির বিরোধিতা এবং প্রেম, স্বাধীনতা ও বিপ্লবের আহ্বান।’ পোলাক বলেন, ‘এ প্রয়াসটি হলো আত্মজাগরণ। এটি আপনাকে মর্যাদা এবং সম্মানের সঙ্গে উঠতে শেখায়, আত্মমর্যাদার অধিকারী হওয়ার, প্রতিটি দুর্বলতা, প্রতিটি অসম্মানকে পরিত্যাগ এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থার সব মন্দ অবজ্ঞার ঊর্ধ্বে ওঠার আহ্বান জানায়।’ ‘বিদ্রোহী’র পরিকল্পনা করেছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব, ভিডিও পরিচালনা করেছেন রনি সারাফাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত