হাইকোর্টের মন্তব্য

দুদককে হুমকি দেওয়া উচিত হয়নি নজিবুল বশরের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৫ এএম

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) হুমকি দিয়ে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীর এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। হাইকোর্ট বলেছে, ‘আমরা দিন দিন যেন অসহিষ্ণু হয়ে উঠছি।’ গণমাধ্যমে প্রকাশিত নজিবুল বশর মাইজভা-ারীর এমন বক্তব্য গতকাল বৃহস্পতিবার নজরে আনলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ এনে নজিবুল বশরের দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এ বিষয়ে একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় দুদকের কঠোর সমালোচনা করে নজিবুল বশর বলেন, ‘দুদক নজিবুল বশরকে এখনো চেনে নাই। যা-তা কমেন্ট করেছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভা-ারীর গায়ে হাত!’

প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। নজিবুল বশরের কাছে ব্যাখ্যা চাইতে হাইকোর্টে আরজি জানান দুদক আইনজীবী। তার উদ্দেশে হাইকোর্ট বলে, ‘যেহেতু আপনাদের মামলা আপনারাই বিষয়টি দেখবেন।’ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘আরজির বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত