মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের একটি রিসোর্টে বনভোজনে এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিন শতাধিক মানুষ। গত শুক্রবার ওই গ্রামের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে এ ঘটনা ঘটে। এদিন সকালে নোয়াখালীর চাটখিলের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে ওই রিসোর্টে বনভোজনে আসেন। জানা যায়, দুপুরের খাবার খাওয়ার পর সন্ধ্যায় নাস্তা করেন আগতরা। এরপর থেকে একে একে অসুস্থ হতে থাকেন সবাই। রাত ১০টার দিকে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে ঢাকা ও আশপাশের হাসপাতালে ছুটে যান।
কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমির হোসেন জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন রয়েছে। ওই সংগঠনের বার্ষিক বনভোজনে প্রাক্তন শিক্ষার্থী ও পরিবার মিলে প্রায় সাড়ে ৩০০ জন সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে আসেন। খাবারের ব্যাপারে ওই রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল। সে অনুযায়ী সবাই সকালের নাস্তা করেন সেখানে। পরে দুপুরের খাবার মেনুতে ছিল ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট ও সবজি। আর সন্ধ্যায় নাস্তা হিসেবে দেওয়া হয় দুই রকমের পিঠা।
আমির হোসেন আরও বলেন, আমরা গরুর মাংস খাওয়ার সময় দুর্গন্ধ পেয়েছিলাম। ধারণা করছি ওই মাংস থেকেই অসুস্থ হয়েছে সবাই।
গজারিয়া থানার ওসি মোল্লা সোবে আলী বলেন, অসুস্থদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।
