গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ওই প্রতিনিধিদল শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
সামরিক প্রতিনিধিদলে অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, পিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপস্থিত ছিলেন।
এ সময় সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আলাদাভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধিদলটি বাগেরহাটের উদ্দেশে রওনা হয়।
ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পরে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে রওনা হয়।
