তিন দিনের সফরে আজ সোমবার ঢাকা আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সফরকালে তিনি ঢাকায় দেশটির দূতাবাস খোলার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুটি চুক্তি ও তিন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ফুটবলসংক্রান্ত বিষয়েও একটি এমওইউ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে ‘বিজনেস টু বিজনেস’ বৈঠক হবে। তার এ সফরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।
আর্জেন্টিনার সঙ্গে দুটি চুক্তি ও তিন এমওইউগুলো হচ্ছেÑ কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক। এ ছাড়া কৃষি খাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেডিং কর্পোরেশন নিয়ে একটি চুক্তি।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো গত বছরের ডিসেম্বরে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনার দূতাবাস আবার চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।
মূলত কাতারে ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক গভীর হয়। তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর সামনে রেখে দেশটির নয়াদিল্লি দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩০ জানুয়ারি ঢাকা সফর করে। সে সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত হয়।
