বাংলাদেশে যাত্রা শুরু ইউসিএসআই ইউনিভার্সিটির

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৬:৫২ এএম

মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিম, ইউসিএসআই বাংলাদেশ ক্যাম্পাসের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার। ইউসিএসআই ইউনিভার্সিটি গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে। এর ক্যাম্পাস রাজধানীর বনানীতে স্থাপন করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন কুয়ালামপুরের মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর ঘোষণা দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত