বর্তমান সময়ে চোখের লেন্স শুধু ফ্যাশনের জন্য ব্যবহার হয় না। চশমার বদলেও লেন্সের ব্যবহার দিন দিন বাড়ছে। চোখ শরীরের অনেক সেনসিটিভ একটা অংশ। তাই লেন্স ব্যবহারের সামান্য ভুল অনেক বড় ক্ষতি করতে পারে চোখের।
দীর্ঘসময় লেন্স পরে থাকলে বা লেন্স পরে ঘুমোলে চোখে সংক্রমণ হওয়ার প্রবণতা ১০ গুণ বেড়ে যায়। চোখ লাল হওয়া, চোখে তীব্র যন্ত্রণা, অস্বস্তি, অনবরত চোখ থেকে পানি পরা— এই সব উপসর্গই চোখে সংক্রমণ হওয়ার লক্ষণ।
তাই চোখের সংক্রমণ এড়াতে কীভাবে লেন্স পড়বেন তা জেনে নেয়া যাক
১) এক টানা কতক্ষণ লেন্স পরা যাবে সেই বিষয় চিকিৎসকের পরামর্শ নিন এবং ভালো মানের লেন্স ব্যবহার করুন।
২) তিন মাস পরপর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময়ে স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন। লেন্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভীষণ জরুরি।
৩) চোখে কোনও রকম অস্বস্তি হলে সাথে সাথে লেন্স খুলে ফেলুন। কিছু দিন লেন্স পরা বন্ধ রাখলে ভাল হয়।
৪) অনেক সময়ে কম দামি লেন্স দীর্ঘদিন ব্যবহারের কারণেও সংক্রমণ হয়। দামি লেন্সের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে ভুলেও সেই লেন্স ব্যবহার করবেন না।
৫) শুষ্ক চোখে লেন্স কম পরাই ভাল। লেন্স পরার আগে ও পরে হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিবেন। এরপর সুতি কাপড়ে হাত মুছে লেন্সে হাত দেবেন।
৬) কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে পানির ঝাপটা দেবেন না।
৭) মেকআপ করার আগে ভুলেও লেন্স পরবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময়ে তাতে কাজল বা মাসকারা লেগে যেতে পারে। এমন ঘটলে চোখে প্রাথমিক জ্বালা ভাব তো হবেই, এমনকি সংক্রমণও হতে পারে।