নোয়াখালীর সুবর্ণচরে ১২০০ করলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার চরজব্বার গ্রামের কৃষক আবদুল্লাহ ফারুকের ৮০ শতক জমির করলাগাছ কেটে দেয় তারা।
কৃষক আবদুল্লাহ ফারুক জানান, রমজানে বাজারে বিক্রির উদ্দেশে ৮০ শতক জমিতে করলা চাষ করেন তিনি। ইতোমধ্যে অধিকাংশ গাছে ফলন এসেছে। কে বা কারা শুক্রবার রাতে সব গাছ কেটে দেয়। গতকাল শনিবার সকালে গিয়ে দেখতে পাই ক্ষেতের সব করলাগাছ নুয়ে পড়েছে, সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। ধার করে প্রায় দুই লাখ টাকা খরচ করে আবাদ করেছি। এতে প্রায় ৫ লাখ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
