হরিণাকুন্ডুতে ৩ জনের যাবজ্জীবন

যশোরে শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:১২ পিএম

যশোরে ছয় বছর শিশুকে ধর্ষণের পরে হত্যার দায়ে নাজমুল বান্দা আলী নামে এক যুবককে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। গতকাল রবিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক গোলাম কবীর এ রায় ঘোষণা করেন।

আদালতের বিশেষ কৌঁসুলি সেতারা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত নাজমুল যশোরের বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের শের আলীর ছেলে। 

মামলার বরাত দিয়ে সেতারা খাতুন আরও জানান, ঠাকুরকাটি গ্রামে ২০২১ সালের ২০ নভেম্বর সকালে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন নাজমুল। এরপর শিশুটির লাশ গুমের চেষ্টাও করেন। কিন্তু স্বজন ও গ্রামবাসী নাজমুলের ঘর থেকে শিশুটির বস্তাবন্দি রক্তাক্ত ও বিবস্ত্র লাশ উদ্ধার করে। রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

অপরদিকে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

দন্ডিতরা হলেন ওই গ্রামের আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমান মন্ডল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলীকে মোবাইলে ডেকে নিয়ে যায় আসাদুল হক। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত