ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে নিয়ম রক্ষার শেষ ম্যাচে চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হারা টাইগারদের চোখ হোয়াইওয়াশের ধবলধোলাই এড়ানো।
সপ্তাহের মাঝের দিনে দুপুর বারোটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে তৃতীয় ওয়ানডে। বাংলাদেশ সিরিজ হেরে গেছে, তাই টিকিটের চাহিদা নেই। অবশ্য মিরপুরেও বুধবারে প্রথম ওয়ানডেতেও ফাঁকা ছিল গ্যালারি। দর্শকদেরই যে ম্যাচে আগ্রহ নেই তাতে ক্রিকেটারদের মনোযোগ যে খুব আছে একথা জোর দিয়ে বলার উপায় নেই।
সাকিব আল হাসান দলের সঙ্গে চট্টগ্রাম না গিয়ে পৌঁছেছেন কাল সকালে। এই মাঠে সবশেষ ম্যাচে ভারত করেছিল ৮ উইকেটে ৪০৯ রান, জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৮২ রানে। ঈশান কিষান করেছিল ডাবল সেঞ্চুরি।
ব্যাটসম্যানদের স্বর্গে ইংল্যান্ডের রাক্ষুসে সব ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশের বোলারদের সম্ভাব্য করুণ পরিণতির আভাসই বাস্তবসম্মত। কারণ ইংল্যান্ড যে আগ্রাসী ক্রিকেটটা খেলে, তার সঙ্গে চট্টগ্রামের এই ব্যাটিং স্বর্গ একেবারে দারুণ জুটি।
অন্যদিকে বাংলাদেশের বোলারদেরও করুণ হাল, বিশেষ করে পেসারদের। মোস্তাফিজুর রহমান উইকেট নিতে ভুলে গেছেন। তাসকিন আহমেদ গতিময়, তবে একটু খরুচে। স্পিনাররা প্রথম ওয়ানডেতে ভালো বল করেছেন।
আইসিসির ওয়ানডে সুপার লিগের সমীকরণেও লাভ-লোকসান নেই, তাই শেষ ম্যাচে হারজিতে আসলে দুই দলের খুব একটা বেশি চাওয়া-পাওয়ারও কিছু নেই। বরং সামনের দুটো সিরিজের আগে প্রস্তুতির সুযোগ ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচটি।
অবশ্য টাইগারদের তারকাদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোটা জরুরি। ব্যাটসম্যানদের সবাই রান করতে ভুলে গেছেন। তামিম ইকবাল দুই ম্যাচে ২৩ আর ৩৫, মুশফিক করেছেন ৪ আর ১৬, নাজমুল হোসেন শান্ত ৫৮ আর ০, লিটন দাস ০ ও ৭। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে ব্যাটসম্যানদেরই জ্বলে উঠতে হবে, নয়তো চেয়ে চেয়ে দেখতে হবে রয়-বাটলার-মইন আলিদের ব্যাটিং।
