প্রধান শিক্ষকসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০১:০৩ এএম

কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং প্রধান শিক্ষকসহ ২১ শিক্ষক কর্মচারী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল কুষ্টিয়ার আদালতে এই মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক সভাপতি সামছুজ্জামান অরুন ও দুজন শিক্ষক প্রতিনিধি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ভঙ্গ করে নিয়োগ প্রদান করেন। দুদক খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা পাওয়ায় মামলা করে।

প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ছয় মাস আগে খুলনা থেকে টিম এসে তদন্ত করে গেছে। আর দুদক আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ডিজির প্রতিনিধির অনুপস্থিতিতে, আগের তারিখ দেখিয়ে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তথ্য পাওয়ার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় গত মঙ্গলবার কুষ্টিয়া আদালতে ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত