নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের সাত মাস পর র্যাব উদ্ধার করেছে স্কুলছাত্রীকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের মূলহোতা আল-আমিনকে। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১-এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু। তার আগে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন (২৫) সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বৌবাজার এলাকায় ভাড়া থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকেন ১৬ বছর বয়সী স্কুলছাত্রী। আল-আমিন বিয়ের প্রস্তাব দিলে ভিকটিমের পরিবার তা প্রত্যাখান করে। পরে গত ৩ আগস্ট সকালে আল-আমিন ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মামলা করেন। পুলিশের পাশাপাশি র্যাবের গোয়েন্দা দল ঘটনাটি গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
