ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও ধর্ষণের অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ। এবার সেই প্রযোজকের নামে মানহানি মামলা করতে রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দিয়েছেন তারা।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব।
মিথ্যাচারের বিরুদ্ধে আইনি সাহায্যের জন্য থানায় এসেছেন জানিয়ে শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ কোনো প্রযোজকই নয়, সে অসৎ উদ্দেশ্যে আমাদের সবার ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন- এমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।
