গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:৪৯ এএম

রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার ভোরে মুগদা স্টেডিয়াম সংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম (২৫) ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।

মুগদা থানার এসআই মো. মুবায়দুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহকারী। এমন সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর আহত হন পাম্পটির এক কর্মচারী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে তার মাথা, হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের প্রেশার অনেক বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে বিস্তারিত জানার কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সাদ্দামের বাবার নাম মৃত আ. সালাম তালুকদার। বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চানপাড়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত