শিগগিরই নতুন আরেকটি ‘বড়’ ধরনের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চ। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক টুইটে এ তথ্য জানানো হয়। হিনডেনবার্গ রিসার্চ আরও জানায়, এ প্রতিবেদনের ফলে আবারও বড় ধরনের হইচই শুরু হতে যাচ্ছে। তবে এ প্রতিবেদন ঠিক কবে প্রকাশ করা হবে ও এটিতে কোন ধরনের তথ্য থাকতে পারে, তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। চলতি বছরের ২৪ জানুয়ারি ভারতের আদানি গ্রুপকে নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। তার পরপরই পতন শুরু হয় আদানি সাম্রাজ্যের। অনুসন্ধানী ওই প্রতিবেদনে গৌতম আদানির বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তোলে হিনডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, আদানি গ্রুপের কোম্পানিগুলো কয়েক দশক ধরে শেয়ারবাজারে ধোঁকাবাজি এবং হিসাবপত্র জালিয়াতি করে আসছে। আদানির কোম্পানিগুলোর কাঁধে বিশাল ঋণ রয়েছে, যা পুরো গ্রুপটির অর্থনৈতিক ভিত্তিকে অনিশ্চিত করে তুলেছে। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে এ পর্যন্ত আদানি গ্রুপের তালিকাভুক্ত সাতটি কোম্পানি প্রায় ১৪ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে। ধস নেমেছে আদানির ব্যক্তিগত সম্পদেও।
×
