প্রসূতি নিখোঁজের পর শৌচাগার থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:২৯ পিএম

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে এক প্রসূতি নিখোঁজ হয়েছেন। তার নিখোঁজের পরই শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

নবজাতকটির মা-বাবার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ছাড়া হাসপাতালের খাতায় নিখোঁজ প্রসূতির যে ঠিকানা লেখা হয়েছে সেখানে সন্ধান করেও তাকে বা তার অভিভাবকদের কাউকে পাওয়া যায়নি।

এ নিয়ে রহস্যের তৈরি হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে নবজাতকের চিকিৎসা চলছে।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রেজওয়ানুল কবীর জানান, শিশুটি শ^াসকষ্টজনিত রোগে ভুগছিল।

উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী করণীয় স¤পর্কে সমাজসেবা অধিদপ্তরসহ পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, ‘হাসপাতালের রেজিস্ট্রারে নবজাতকের মায়ের নাম শিউলী আক্তার। বয়স ১৪, ঠিকানা উপজেলার কৈমারী ইউনিয়নের কুটিপাড়া গ্রাম রয়েছে।

ওই কিশোরী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে কাউকে কিছু না জানিয়ে শৌচাগারে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়েছে।’

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রমতে, গত শনিবার দুপুর ১২টার দিকে প্রসব ব্যথা নিয়ে ওই কিশোরী ভর্তি হয়। তাকে মহিলা ওয়ার্ডের বিছানায় দেওয়া হয়। সঙ্গে বেশ কিছু লোক ছিল। ভর্তির পর লোকগুলো হাসপাতালের বাহিরে চলে যায়।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘হাসপাতালের রেজিস্ট্রারে লেখা ঠিকানা অনুযায়ী গিয়ে ওই নামের কাউকে খুঁজে পাইনি। এলাকাবাসী ওই নামের কাউকেই চেনেনা। ধারণা করা হচ্ছে হাসপাতালে ভুল ঠিকানা ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত