মুকসুদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী আক্তার (১৯) একই গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি হেনা বেগম (৪৮) ও ভাশুরের স্ত্রী (জা) মিতা আক্তারকে (২০) আটক করেছে। ঘটনার পর থেকে স্বামী হাসান বেপারী পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবণী আক্তারের সঙ্গে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বছরখানেক আগে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী হাসানের সঙ্গে কলহ চলছিল শ্রাবণীর। এ সবের জেরে গতকাল সোমবার ভোর ৫টার দিকে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবণীকে পিটিয়ে হত্যা করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও বড় ভাশুরের স্ত্রীকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত