ক্ষমতাসীনদের অপকর্ম বেড়েই চলেছে: আলাল

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:২৯ পিএম

প্রতিটি সেক্টরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি আর ডাকাতির উৎসবে মেতেছে। সুপ্রিম কোর্টের নির্বাচনেও ভোট ডাকাতি করেছে তারা। তাদের অপকর্ম দিনে দিনে বেড়েই চলেছে। দেশের মানুষ আজ লজ্জিত। তাই এই সরকারকে বিতাড়িত করতে না পারলে দেশের মানুষের শান্তি হবে না।

রাজধানীর হাতিরপুলে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন রবিবার সন্ধ্যায় এ অনুষ্টানের আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো পেশার মানুষ তাদের মেধাকে বিকশিত করতে পারবে না। দলীয় বৃত্তের আবরণে সব কিছুকে কলঙ্কিত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ যাতনায় পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে মানুষের মধ্যে আওয়ামী চেতনার ঢুকিয়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, শেখ মুজিবুরর রহমানের ৬ দফায় যে দাবি ছিলো, সেইসব দাবিগুলো এখন সবচেয়ে বেশি লঙ্ঘন করেছেন তারই কন্যা শেখ হাসিনা। দেশ থেকে টাকা পাচারকারীদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচেয়ে বেশি উৎসাহিত করা হচ্ছে। শেখ মুজিবের উল্টো পথে হাঁটছে আওয়ামী লীগ। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা সুবিধাবাদী রাজনৈতিক দল। এখন এদেরকে তাড়িয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত যে মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে লড়াই করতে হবে।

বিএনপি সামনে যে কর্মসূচি দিয়েছে সেখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহ্বান জানিয়ে আলাল বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই এই অনির্বাচিত সরকাররের পতন ঘটাতে হবে।

সংগঠনের সভাপতি প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন-এ্যাব সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ, ডেজা সাধারণ সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু প্রমুখ।

যুবদলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান খান সাইফুলের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হানিফ, অধ্যাপক ড.সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী খান মুক্তার মোর্শেদ, শাখাওয়াত হোসেন, মোতাহার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত