বিদেশে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৩:৫৫ এএম

বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্নরকম প্রচারণা চালাচ্ছে। তারা বলে বেড়ায় আওয়ামী লীগ নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে যে, শেখ হাসিনার সরকার নাকি গণতন্ত্র ধ্বংস করেছে।’ তিনি এসব অপপ্রচারকারীদের উদ্দেশে বলেন, ‘যারা নালিশ পার্টি তাদের সময়ে এক কোটি ভুয়া ভোটার হয়েছিল। শেখ হাসিনার সরকার ভুয়া ভোটার হওয়ার সব পথ বন্ধ করে বায়োমেট্রিক ফটো আইডি করে দিয়েছেন, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছেন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করে দিয়েছেন। আর গত ১৪ বছরে দেশে শত শত ইলেকশন হয়েছে এ তথ্যগুলো পৃথিবীকে জানানো দরকার। শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতার কারণে গত ১৪ বছরে আমাদের যে অভাবনীয় সাফল্য সেটাও জানানো দরকার।’

নালিশ পার্টি মিথ্যা প্রচারণা করে অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এসব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেকসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত