শামসের মুক্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:৪৩ এএম

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল হয়েছে। আগের কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল রবিবার পালন করা এসব কর্মসূচি থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং পত্রিকাটির সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

এসব দাবিতে গাজীপুরে মানববন্ধন করে সামজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগর শাখা।

বিকেলে শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন হয়। মানববন্ধনে বক্তারা র‌্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানান।

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখা। শহরের ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। বক্তারা নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানান।

নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

কুষ্টিয়ায় গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার গণমাধ্যমকর্মীরা। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে অংশ নিয়ে বক্তব্য দেন। তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিলের দাবি জানান। একই দাবিতে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়েছে।

প্রতিবেদনটি সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতাদের তথ্যে তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত