বনের আওতাভুক্ত ব্যক্তিমালিকানা জমি অবমুক্তের দাবি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:১৫ এএম

১৯৮২ সালের আটিয়া বন অধ্যাদেশ আওতাভুক্ত ব্যক্তিমালিকানা জমি অবমুক্ত এবং ৪০ বছর আগে বনের অস্তিত্বহীন ব্যক্তিমালিকানা জমিতে জারিকৃত বন আইনের ৪ ও ৬ ধারা বাতিলসহ ১২ দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস ছবুর খান দলের পক্ষ থেকে ইউএনও ফারজানা আলমের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৩৯ সালে বনভূমি থেকে অবমুক্ত হওয়া ৯ হাজার ৪৩০ একর ব্যক্তিমালিকানা জমি পুনরায় ১৯৮২ সালে আটিয়া বন অধ্যাদেশের আওতাভুক্ত হয়। পরে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল হলেও ওইসব জমি বনভূমির তফসিল হতে অবমুক্ত করা হয়নি। এ ছাড়া ১৯৮৩ সালে বন বিভাগ উপজেলার ৮ হাজার ৯৫০ একর ব্যক্তিমালিকানা জমিতে বন আইনের ৪ ও ৬ ধারায় নোটিস জারি করে। এসব নোটিস সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও তা গত ৪০ বছরেও নিষ্পত্তি হয়নি। ফলে বন আইনের বিধান অনুযায়ী তা অকার্যকর হয়েছে। স্মারকলিপিতে বনের এসব জটিলতা নিরসনের দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত