চট্টগ্রামে নিখোঁজ শিশু মাইশা ও জান্নাত উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:২১ এএম

চট্টগ্রাম নগরে দুদিনের ব্যবধানে পৃথক জায়গা থেকে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী দুই শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে হালিশহর থানাধীন সিঅ্যান্ডবি ও খুলশী থানাধীন মাস্টার লেন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শিশু হলো হালিশহরের রামপুরা এলাকার মো. আলমগীরের মেয়ে জান্নাতুল ফেরদৌস মাইশা এবং খুলশীর সেগুন বাগান এলাকার বেলাল হোসেনের মেয়ে জান্নাত আক্তার।

পুলিশ জানায়, গত ২৮ মার্চ হালিশহর রামপুরা এলাকার বাসা থেকে নিখোঁজ হয় জান্নাতুল ফেরদৌস মাইশা। খোঁজাখুঁজি করে না পেয়ে ২৯ মার্চ হালিশহর থানায় জিডি করেন শিশুর মা পারভীন আক্তার।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক জানান, নগরের বিভিন্ন সড়ক মোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। এরপর হালিশহরের সিঅ্যান্ডবি এলাকার মোহাম্মদ টিপু নামে এক ব্যক্তির হেফাজত থেকে মাইশাকে উদ্ধার করা হয়। কোনো আত্মীয়স্বজনের নাম-ঠিকানা বলতে না পারায় নিরাপত্তার জন্য শিশু মাইশাকে নিজের বাসায় নিয়ে যান টিপু।

এর আগের দিন ২৭ মার্চ রাত ৯টার খুলশি সেগুন বাগান এলাকার ভাইয়ের বাসা থেকে নিখোঁজ হয় জান্নাত আক্তার (৯)। খোঁজাখুঁজির পর না পেয়ে খুলশি থানায় (জিডি) সাধারণ ডায়েরি করা হয়।

খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, নগরের মাস্টার লেন এলাকার বাসিন্দা রেলওয়ে কর্মচারী রেহানা আক্তারের বাসা থেকে জান্নাতকে উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত