দুই হাজার নারীর চ্যালেঞ্জে সুইজারল্যান্ড সরকার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১০:৩৬ পিএম

পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন নিয়ে কেবল গ্রেটা থুনবার্গের মতো তরুণ-তরুণীদের বিশ্বজুড়ে সোচ্চার দেখা যাচ্ছে। এবার জলবায়ু সচেতন প্রবীণরাও সুর মেলালেন নবীনদের সঙ্গে। নবীনদের দাবিতে প্রাধান্য পায় ভবিষ্যতে বাসযোগ্য পৃথিবী গড়ার দাবি। এদিকে প্রবীণরা অভিজ্ঞতার আলোকে গুরুত্ব দিচ্ছেন জলবায়ুগত স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে। যা কিনা এখনই মানুষের শরীরে প্রভাব ফেলছে। নিজেদের স্বাস্থ্য-জীবন ঝুঁকিতে পড়ায় এবার সুইজারল্যান্ডের প্রবীণরা নিলেন আইনি পদক্ষেপ। সুইজারল্যান্ডের জলবায়ু নীতিমালা নাগরিকদের জীবন ও স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে অভিযোগ করে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন দুই হাজারের বেশি নারী। যাদের গড় বয়স ৭৩ বছর। তাদের এই সম্মিলিত প্রয়াসের নাম  ‘ক্লাব অব ক্লাইমেট সিনিয়র্স’। 

এ প্রবীণ নারীদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের ফলে তারা অধিকার হারাচ্ছেন। স্বাস্থ্য ও  তাদের জীবনও ঝুঁকির মুখে ফেলেছে জলবায়ু পরিবর্তন। আর এজন্য সুইজারল্যান্ডের জলবায়ু নীতিমালাকে দায়ী করে মামলা করেছেন তারা।  মানবাধিকার বিষয়ক ইউরোপীয় আদালত ইসিএইচআর এই প্রথমবারের মতো একটি মামলা শুনতে যাচ্ছে, যেখানে মানবাধিকারের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মুখ্য বিষয়। মামলায় প্রমাণ হিসেবে নিজেদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও তারা অন্যান্য তথ্যের সঙ্গে আদালতে জমা দিয়েছেন। প্রবীণ নারীদের প্রত্যাশা, বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে সুইস সরকারকে সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনা দিক ইউরোপীয় আদালত। যদিও এর আগে সুইজারল্যান্ডের আদালতে ছয় বছর মামলা চলেছে এ বিষয়ে, তবে সেই আইনি লড়াই ব্যর্থ হয়েছে। অথচ বাস্তবতা হলো- সুইজারল্যান্ডের তাপমাত্রা বিশ্বের গড়ের চেয়ে দ্রুত বেড়ে চলেছে। আগের চেয়ে ঘন ঘন দেখা দিচ্ছে তাপপ্রবাহ।   

‘ক্লাব অফ ক্লাইমেট সিনিয়র্স’ সদস্য এলিজাবেথ স্টের্ম ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জলবায়ু বদলে যাওয়ার কারণে তাপপ্রবাহ বেড়েছে। এতে বয়স্ক নারীদের কষ্ট হচ্ছে বেশি। অন্য সময়ের চেয়ে তাপপ্রবাহের দিনে বয়স্ক নারীরা মারা যাচ্ছেন বেশি। সুইস সরকারের একটি সভ্য জলবায়ু নীতির অভাবে আমরা কেউ মারা যেতে চাই না।’ ইউরোপিয়ান ক্লাইমেট অ্যান্ড হেলথ অবজারভেটরি বলছে, গড় তাপমাত্রা যে পরিমাণ বাড়ছে, তাতে গোটা ইউরোপে জনস্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়বে; বিশেষ করে বয়স্কদের  স্বাস্থ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত