আগুন লেগে গাইবান্ধা, গাজীপুরের কালিয়াকৈর ও কুষ্টিয়ার কুমারখালীতে পুড়ে গেছে বাড়ি, দোকানপাট ও বিদ্যালয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
গাইবান্ধা : সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে গতকাল শুক্রবার অগ্নিকান্ডে বসতবাড়ি ও বাজারের দোকান ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে হাট লক্ষ্মীপুর বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক জাকির হোসেন জানান, হাট লক্ষ্মীপুর বাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসতবাড়িসহ ২৩টি দোকানঘর ও মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই দুটি বসত-বাড়ির সাতটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রতনপুর এলাকার মাহাতাপের বসত-বাড়িতে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন জ¦লে উঠে। মুহূর্তের মধ্যে পাশের আব্দুর রাজ্জাকের বসত-বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আগুন লেগে ২০ বছরের গুরুত্বপূর্ণ নথি, শিক্ষার্থীদের সনদ, বই ও আসবাবপত্রসহ দুটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আধাপাকা টিনশেড ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কোনপক্ষ আগুন লাগিয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধ ও উত্তেজনার মধ্যে এ আগুন লাগল। আগামী রবিবার বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোট বন্ধ করতে কোনো পক্ষ বিদ্যালয়ে আগুন দিয়ে থাকতে পারে।
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে এমন কাজ করে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।
