ইমো হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৩ এএম

অনলাইনভিত্তিক যোগাযোগমাধ্যম অ্যাপস ‘ইমো’ আইডি হ্যাকিংয়ের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো মো. শিপন আহম্মেদ ওরফে আরিফ (২৫), মজিবুল ইসলাম ওরফে নজিবুল (২৩) ও মো. রাসেল আহম্মেদ (২২)।

গত শুক্রবার রাতে রাজশাহীর বাঘা থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। ডিবি জানিয়েছে, চক্রটি গত তিন বছরে বিভিন্ন মানুষের বিশেষ করে প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তার আত্মীয়স্বজনদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ডিবির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির ‍উদ্দিন (৫১) দেখতে পান তার ইমো আইডি হ্যাক করে তার পরিচিতজনের কাছে আর্জেন্ট টাকা লাগবে বলে বার্তা দিচ্ছে। সঙ্গে দুটি বিকাশ নাম্বারও দেওয়া হচ্ছে। তার পরিচিতজন অনেকে টাকা দিতে থাকে। এ ঘটনায় নাসির উদ্দিন ডিএমপির রমনা মডেল থানায় গত ৬ এপ্রিল ধারা-ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, ইমো প্রতারক চক্রের মূল শিপন আহম্মেদ ওরফে আরিফ। সে প্রধানত সৌদি আরব ও ‍কুয়েতে অবস্থানরত প্রবাসীদের টার্গেট করত। প্রবাসীদের ইমো হ্যাক করে, তাদের দেশে এবং বিদেশে অবস্থানরত নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে বিভিন্ন রকম সাহায্যের মেসেজ দিয়ে টাকা আদায় করত। চক্রটি ২০২১ সাল থেকে ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বলেন, চক্রটি ইমো হ্যাক করে অসুস্থতা বা জরুরি প্রয়োজন, এসব কথা বলে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়। প্রতারকের এ ধরনের মেসেজ বিশ্বাস করে টাকা পাঠিয়ে প্রতারিত হয় অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত