দরিদ্র শিশু হৃদরোগীরা বিনামূল্যে পাচ্ছে অক্সিজেনেটর মেশিন

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

বেসরকারি প্রতিষ্ঠান ইউসিবি ফাউন্ডেশনের দেওয়া চিকিৎসাসামগ্রীতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক সমঝোতা চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই ইউসিবি ফাউন্ডেশন বিনামূল্যে ৫০টি পেডিয়াট্রিক অক্সিজেনেটর এবং পিডিএ ডিভাইস দিয়েছে। এর মধ্যে প্রতিটি অক্সিজেনেটর মেশিনের দাম ৫০-৫৫ হাজার টাকা এবং পিডিএ ডিভাইসের দাম ১ লাখ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা।

এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা জানান, গত ২৬ ডিসেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। সে অনুযায়ী অক্সিজেনেটর মেশিন ও পিডিএ ডিভাইস দেয় ইউসিবি ফাউন্ডেশন। ইতিমধ্যেই জন্মগত হৃদরোগে আক্রান্ত ২০ শিশুর পেডিয়াট্রিক অক্সিজেনেটর ব্যবহার করে অস্ত্রোপচার হয়েছে ও ১৯ শিশুকে পিডিএ ডিভাইস স্থাপন করা হয়েছে। এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, এ বিশেষায়িত হাসপাতালে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বুক না কেটে পিডিএ ডিভাস স্থাপন করা ছাড়াও হৃদরোগের চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি রোটা, ওসিটি, এইচডি আইভাস ব্যবহার করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ শাহরিয়ার, ডা. তারিক আহম্মেদ চৌধুরী এবং ইউসিবি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী এবং উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তৌহিদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত