উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

বড়াইগ্রামে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার জোয়াড়ী গ্রামের রাব্বী (১৯) এবং কাছুটিয়া গ্রামের আলিফ হোসেন (২১)।

আহতদের মধ্যে বাবা ইসমাইল হোসেনকে (৫০) নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং মেয়ে ইভা খাতুনকে (১৫) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রাব্বী কিছুদিন যাবৎ জোয়াড়ী গ্রামের ইসমাইল হোসেনের মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার ইফতারের পর রাব্বী ও তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে মেয়েটির বাড়ির সামনে গিয়ে উত্ত্যক্ত করছিল। এ সময় ইসমাইল তাদেরকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ধারালো হাসুয়া ও রড দিয়ে ইসমাইলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটেরা মেয়েকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর দুলাভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত