বেসরকারিতে ৮০% সিজারে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৪ এএম

দেশের বেসরকারি হাসপাতালে মোট সন্তান প্রসবের ৮০ শতাংশই সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রাইভেট মেডিকেলে বর্তমানে সি-সেকশন হচ্ছে প্রায় ৮০ শতাংশ, যা উদ্বেগের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সি-সেকশন হওয়ার কথা মাত্র ১৫ শতাংশ। প্রাইভেট মেডিকেলে কেন এত বেশি হচ্ছে, তা নিয়ে আমাদের ভাবতে হবে।

গতকাল বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগ সরকারের আমলেই স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নয়ন এসেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগে দেশের মানুষের গড় আয়ু ছিল ৬০ বছর, এখন ৭৩ বছর। এটি এমনি এমনি হয়নি। দেশে টিকাদানে ৯৮ ভাগ সফলতা এসেছে, অথচ আগে ছিল মাত্র ২০ ভাগ। আগে দেশে শিশু মৃত্যুহার ছিল ১৫০ জনের বেশি, আর এখন মাত্র ২৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে দেশে মাত্র ১০ ভাগ মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করত, এখন সেটি ৭৩ ভাগ হয়েছে। আগে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ, আর এখন মাত্র দশমিক ৯৮ ভাগ মাত্র। আগে দেশের খর্বকায় মানুষ জন্ম নিত ৬০ ভাগ, কিন্তু এখন ঠিকভাবে ব্যবস্থা নেওয়ায় তা মাত্র ২৫ ভাগে নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত