সোনারগাঁয়ে বউ মেলা শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:১১ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর এলাকার জয়রামপুর গ্রামে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা। শত বছরের পুরনো বটবৃক্ষকে ঘিরে অনুষ্ঠিত হয় এ বউ মেলা। 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা কয়েকশ বছর যাবৎ বংশ পরম্পরায় এ মেলার আয়োজন করে আসছে।

সনাতন ধর্মাবলম্বীরা বাংলা নববর্ষের পরদিন বউ মেলায় আনুষ্ঠনিকভাবে পূজা অর্চনা করে থাকেন।

মেলায় অংশ নেওয়া পুণ্যার্থীরা জানান, এ মেলায় সাধারণত নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করে থাকেন বলে এ মেলার নাম হয়েছে বউ মেলা। 

শত বছরের প্রাচীন বটগাছের নিচে এ মেলা বসে। তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিন গতকাল শনিবার নারীরা বটমূলে পূজা দিয়ে থাকেন।

সংসারের শান্তি ও সমৃদ্ধির জন্য নারীরা দলবেঁধে এ মেলায় এসে প্রাচীন বটবৃক্ষকে পূজা দিয়ে থাকেন। পূজায় ফলের ভোগের সঙ্গে মানতের জন্য আনা কবুতর ওড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয়।

ভোগে দেওয়া বিপুল ফল পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।

বউ মেলায় পূজা দিতে আসা মরি রানী দাস বলেন, আমরা সিদ্ধেশ্বরী কালীদেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দিয়ে থাকি। রীতি অনুয়ায়ী এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারীরা মাটি, কড়ি ও টাকা দেন। তার ভাষ্যমতে এতে সংসারে শান্তি আসে, মনোবাসনা পূর্ণ হয়। পরিবারের সদস্য যতজন ততবার মাটি দেওয়ার নিয়ম।

সরেজমিনে দেখা গেছে, ঢাকের তালে বৃক্ষতলে পূজায় মগ্ন নারীরা।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্প সামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি ও খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলার ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত