১ মে থেকে তিন ভেন্যুতে হবে ডিপিএলের সুপার লিগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৪:০৫ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। নিশ্চিত হয়েছে সুপার লিগের দল। তবে আপাতত টুর্নামেন্টের বিরতি। ঈদের পর ১ মে থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের সুপার লিগ। তিনটি ভেন্যুতে ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী পর্বটি।

আজ মঙ্গলবার এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় সিসিডিএম। পরে কমিটির চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

তিনি বলেছেন, ‘যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে আমরা আজকে সবার সঙ্গে বসেছিলাম। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হলো পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারনে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। এছাড়া ক্লাবগুলোরও চাওয়া ছিল ঈদের পর একটা বিরতি যেন পায়।’

কয়টি ভেন্যুতে ও কবে খেলা হবে এ নিয়ে তিনি বলেন, ‘সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে। খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটা ভেন্যুতে শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে'র হিসেবটা ঠিক থাকবে।’

গত মৌসুমে সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, চমক বলতে ছিল এটিই। এবার পেরেছে তারা। এছাড়া গত আসরের বাকি পাঁচটি দল আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারও সুপার লিগে খেলবে। আর অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ও লেপার্ডস লড়বে সিঙ্গেল লিগের রেলিগেশন লড়াই।

ঢাকা লিগের এবারের আসরে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়তে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে তিনে রূপগঞ্জ, চারে থাকা প্রাইম ব্যাংকের ১৪, ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান ও গাজী গ্রুপ ১১ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত