রাজস্থানকে ১০ রানে হারাল লখনউ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১:৫৮ এএম

আইপিএলে টেবিলের দুই শীর্ষ দলের লড়াইয়ে জয় হলো লখনউ সুপার জায়ান্টের। বুধবার ঘরের মাঠে রাজস্থান হারল ১০ রানে।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থানের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। আবেশ খানের প্রথম বলেই চার হাঁকিয়ে রিয়ান পরাগ আশার সঞ্চার করেন। তবে তৃতীয় ও চতুর্থ বলে দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেলের উইকেট তুলে নিয়ে ম্যাচের ভাগ্য লিখে দেন আবেশ।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৪ রান করতে পারে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান।

অথচ উদ্বোধনী জুটিতেই যশস্বী জয়সওয়াল ও জস বাটলার মিলে যোগ করেছিলে ৮৭ রান। ১২তম ওভারে এই জুটির পতন হয়। জয়সওয়াল সর্বোচ্চ ৪৪ ও বাটলার ৪০ রান করেন।

লখনউয়ের পক্ষে আবেশ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস।

এর আগে কাইল মেয়ার্সের ৪২ বলে ৫১, লোকেশ রাহুলের ৩২ বলে ৩৯, নিকোলাস পুরানের ২০ বলে ২৯ ও মার্কাস স্টয়নিসের ১৬ বলে ২১ রানে ভর করে ৭ উইকেটে ১৫৪ রানের পুঁজি গড়েছিল লখনউ। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন স্টয়নিস।

হারলেও অবশ্য টেবিলের শীর্ষেই অবস্থান রাজস্থানের, দুইয়ে লখনউ। দুই দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। উভয়ের জয় ৪টি করে ম্যাচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত