গাজীপুর সিটি নির্বাচন

৯ মেয়র প্রার্থীসহ ৩৮৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:২৯ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ ৩৮৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে গতকাল বুধবার বিকেল পর্যন্ত সাধারণ ওয়ার্ডে ছয় এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, রাজু আহমেদ, মো. আবুল হোসেন ও মো. হারুন অর রশীদ। এ ছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯৮ এবং ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে সাধারণ ওয়ার্ডে ছয় এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ হবে ২৫ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত