চীনের বাড়তে থাকা হুমকি মোকাবিলায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ দ্রুততর করবে অস্ট্রেলিয়া। দেশটির একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পর্যালোচনায় বলা হয়েছে, এই ‘ক্ষেপণাস্ত্রের যুগে’ অস্ট্রেলিয়া আর তাদের ভৌগোলিক বিচ্ছিন্নতার মাধ্যমে সুরক্ষিত থাকবে না।
গতকাল সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ান নিয়ে চীনের অবস্থানে বাড়তে থাকা অঞ্চলিক উত্তেজনার মধ্যে ১১০ পৃষ্ঠার ‘ডিফেন্স স্ট্র্যাটেজিক রিভিউ’ (ডিএসআর) গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষার সবচেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। এই প্রতিবেদনে অবিলম্বে বাস্তবায়নের জন্য যে সব পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর জন্য অস্ট্রেলিয়ার সরকার প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় করবে বলে প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে চীনের অধীনে আনা হবে বলে বারবার জানিয়ে আসছে বেইজিং।
