ডিএমপি কমিশনার বললেন

দু-একজন পুলিশ সদস্যের জন্য বাহিনীর বদনাম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ এএম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দু-একজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়। আর কোনো সদস্যের খারাপ কাজের দায়িত্ব পুলিশ বাহিনী নেবে না। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, মানবতার চেয়ে বড় ধর্ম পৃথিবীতে নেই। সম্প্রতি ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা তিন-চারতলা থেকে বড় বড় কাপড়ের বস্তা মাথায় করে নিচে নিয়ে আসেন। সারা দেশের মানুষ পুলিশের এই কাজের প্রশংসা করেছে। এ রকম সুযোগ বারবার আসে না, এগুলো মনে রাখতে হবে। আবার দু-একজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়। এই খারাপ কাজের দায়িত্ব পুলিশ বাহিনী নেবে না। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ বছর কঠোর নিরাপত্তাব্যবস্থায় মহানগরীতে স্বস্তির ঈদ উদযাপিত হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ নগরবাসী গ্রামের বাড়িতে গেছেন। তাদের বাসাবাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া ছিল ডিএমপি পুলিশের কাঁধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত