ফখরের শতকে পাকিস্তানে ৫০০তম জয়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

ড্যারিল মিচেল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তাতে নিউজিল্যান্ড পেয়েছিল ২৮৮ রানের পুঁজি। কিন্তু সেটা ম্লান করে দিয়েছেন ফখর জামান। তার শতকে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।ওয়ানডেতে এটি তাদের ৫০০তম জয়। অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় পুরুষ দল হিসেবে এ রেকর্ড হলো দলটির।

রান তাড়ায় ফখরের সঙ্গে ইমাম-উল-হকের ১২৪ রানের ওপেনিং জুটিতে নিউজিল্যান্ডকে অনেকটাই পেছনে ফেলে পাকিস্তান। ২২তম ওভারে সে জুটি ভাঙেন ইশ সোধি, ৬৫ বলে ৬০ রান করা ইমামকে এলবিডব্লু করে। ইমাম ফেরার পর বাবর আজমকে নিয়ে ফখর গড়েন ৯০ রানের জুটি। ৫৩ বলে ফিফটি করেছিলেন ফখর, ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করতে এ বাঁহাতির লেগেছে ৯৯ বল।

ফিফটির ১ রান আগেই অবশ্য থামেন বাবর, শান মাসুদও ফেরেন দ্রুতই। তবে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ফখর ছিলেন আরও কিছুক্ষণ, ৪৩তম ওভারে তার আউট হওয়ার সময় পাকিস্তান ছিল নিরাপদই। এরপর সালমান আগা ফিরলেও ৪২ রানে অপরাজিত রিজওয়ান পাকিস্তানকে জয় এনে দেন।

ব্যাটিংয়ে ফখর তার সেঞ্চুরি ইনিংসেই ছিলেন উজ্জ্বল, এর আগে বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে উজ্জ্বল নাসিম শাহ এদিন পেয়েছেন মাত্র ২টি উইকেট। কিন্তু এ ফাস্ট বোলারের ১০ ওভারে ২৯ রানে ২ উইকেটের বোলিং ফিগারই ছিল ম্যাচে দুই দলের বড় একটা পার্থক্য।

তবে বাকিরা ছিলেন বে-হিসেবি। শাহীন আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খানরা উইকেট পেলেও ছিলেন খুরুচে। তাতে ড্যারিল মিচেল খেলেন ১১৩ রানের ইনিংস। যাতে শক্ত ভিত পেয়েছিল কিউইরা। তবে শেষ হাসিটা পাকিস্তানই হাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত