দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে প্রথমবার কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি রেফারি। সাউথইস্ট এশিয়ান গেমসে সহকারী রেফারির দায়িত্বে থাকবেন সালমা আক্তার। আগামী ১ মে থেকে কম্বোডিয়ায় শুরু হবে টুর্নামেন্টটি।
৮ দলের টুর্নামেন্ট চলবে ৩ থেকে ১৫ মে পর্যন্ত। ‘এ’ গ্রুপে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস। গত ফেব্রুয়ারিতে এএফসি এলিট প্যানেলে রেফারি হওয়ায় এ সুযোগ পেয়েছেন সালমা। বাংলাদেশের প্রথম নারী ম্যাচ অফিশিয়াল (সহকারী রেফারি) হিসেবে এএফসির এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন তিনি।
কম্বোডিয়ায় ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সালমা বলেন, ‘এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছি। এখন সাফের বাইরে প্রথমবার করতে যাচ্ছি, সেটাও এলিট সহকারী রেফারি হিসেবে। অবশ্যই অনেক ভালো লাগছে। নিজের মধ্যে একটু উত্তেজনা কাজ করছে। ভালো করলে আরও ম্যাচ পাব। আমি চাই ভালো কিছু করে সামনে এগিয়ে যেতে।’
এর আগে বাংলাদেশের রেফারি জয়া চাকমা তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব–১৪ ফুটবল পরিচালনা করেন। জার্মানিতেও একটি ফুটবল ফেস্টিভ্যাল পরিচালনা করেছিলেন জয়া। তবে দুটি টুর্নামেন্টই তিনি পরিচালনা করেন ফিফা রেফারি হওয়ার আগে। এ প্রসঙ্গে জয়া চাকমা বলেন,‘ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতির পর বাংলাদেশের প্রথম ম্যাচ অফিশিয়াল হিসেবে সালমাই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরে ম্যাচ পরিচালনা করবে। ওর জন্য শুভকামনা রইল।’
