ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এবার জলাবদ্ধতা নিরসনে ১৩৬টি স্থানের উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি খাল ও নর্দমা পরিষ্কারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার কলাবাগানের ভূতের গলি এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২০ সালে যখন দেখলাম, মাঝারি বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ তলিয়ে যায়। তখন প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে খালগুলো এবং স নর্দমা অবকাঠামো কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান অবকাঠামোর সংস্কার ও উন্নয়নের ফলে ঢাকাবাসী সুফল পাওয়া আরম্ভ করেছে। গতবছর সিত্রাং ঘূর্ণিঝড়ের পরেও ঢাকা শহর তলিয়ে যায়নি। ঢাকাবাসীকে পূর্ণভাবে জলমগ্নতা মুক্ত রাখা সম্ভব হয়েছে।
এর আগে মেয়র তাপস ‘মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ভবন উদ্বোধন ও শহীদ শামছুন্নেছা আরজু মণি শিক্ষা বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি ওই এলাকায় শিক্ষা প্রসারে বিদ্যালয়ের অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যস্থাপক মো. হায়দর আলী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগীস মাহতাব প্রমুখ।
