বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-২০২১-এর জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। গতকাল বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকার বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ওয়ারেন্ট অফিসার মাজেদুল আলম, এয়ারফ্রেম ফিটার এবং সার্জেন্ট মো. আবু সাঈদ, জিএস যথাক্রমে শ্রেষ্ঠ জেসিও এবং শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে নির্বাচিত হয়ে সনদপত্র ও ট্রফি লাভ করেন। সার্জেন্ট মো. আবদুর রহিম সাখিদার, রেডিও ফিটার শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে নির্বাচিত হয়ে সনদপত্র লাভ করেন। মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমওডিসি) সৈয়দ সালাম চৌধুরী, জিডি জেসিও এমওডিসি (এয়ার) এবং সার্জেন্ট মো. মিরাজ আলী, জিডি শ্রেষ্ঠ এমওডিসি (এয়ার) সনদপত্র ও ট্রফি লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
