ক্যানসার নির্ণয়, বন্ধ্যত্ব চিকিৎসাসহ নারী স্বাস্থ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে নেই এবং পিছিয়ে থাকবেও না। স্মার্ট হেলথ সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরাট অবদান রয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন ওমেন্স হেলথ : দি ইমার্জিং নিউ ফেস অব হেলথকেয়ার’ শীর্ষক এক সেমিনারে ডা. শারফুদ্দিন এ কথা বলেন। সেমিনারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত তুলে ধরেন যুক্তরাজ্যের বেইজ হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং হুইটিংটন হসপিটাল এনএইচএসের কনসালট্যান্ট (ওমেন্স হেলথ) ডা. আশফাক এম খান।
এ সময় উপাচার্য বলেন, বর্তমানে প্রযুক্তির বিকাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ অবদান রাখছে। ক্যানসার নির্ণয় ও চিকিৎসা, নারীর বন্ধ্যত্ব চিকিৎসা, প্রসবকালীন শিশু স্বাস্থ্যের সার্বিক অবস্থা নির্ণয়, হৃদরোগ চিকিৎসা এবং অন্ত্র ও খাদ্যনালির জটিলতা নিরসনে এর ভূমিকা অপরিসীম। বাংলাদেশে স্মার্ট হেলথ সিস্টেম বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের ডেটা সংরক্ষণ ও ডকুমেন্টেশন তৈরি ও রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির বিকাশ ও কল্যাণকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রোবটিক সার্জারিসহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেসব ব্যবহারিক উপযোগিতা রয়েছে তা বাস্তবায়ন করা হবে। সেমিনারে চিকিৎসকরা বলেন, স্বাস্থ্য খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ ব্যয় সাশ্রয় হবে।
