দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কেটে মারা গেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের কর্মচারী হামিদুল হক (৪০) ও সুশান্ত রায় (৪২)। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডোমার থেকে একটি মোটরবাইক ভাড়া নিয়ে তারা কর্মস্থল রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে পথে এ দুর্ঘটনায় পড়েন।
পুলিশের ভাষ্যমতে, সকাল ১০টায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির অদূরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের মোবারকপুর-রসুলপুর রেলগেট অতিক্রমের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান দুজন।
নিহত হামিদুল হকের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়ায় ও সুশান্ত রায়ের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কৈবর্ত্যপাড়ায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।
পার্বতীপুর রেল থানার ওসি একেএম নুরুল ইসলাম বলেন, চালক ও আরোহী অসতর্ক থাকায় অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
